সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ তদারকি কার্যক্রম ও অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিগত দিনে বাজারে জ্বালানি গ্যাস ও সিলিন্ডারের মূল্য নিয়ে সাধারণ ভোক্তাদের মধ্যে নানা ধরনের অসন্তোষ ও অভিযোগ লক্ষ্য করা যাচ্ছিল। এই প্রেক্ষাপটে ভোক্তাদের অধিকার রক্ষা এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ঢাকা মহানগরসহ দেশের ১৬টি গুরুত্বপূর্ণ জেলায় একযোগে পরিচালিত এই অভিযানে অংশ নেন অধিদপ্তরের অভিজ্ঞ সহকারী পরিচালক ও পরিদর্শকরা। অভিযানে বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারের দোকানগুলোতে গিয়ে সিলিন্ডারের প্রকৃত ক্রয় ও বিক্রয় রসিদ যাচাই করা হয়। অনেক প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ মিলেছে। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই বাজার ব্যবস্থাপনায় এক ধরণের নৈরাজ্য লক্ষ্য করা যাচ্ছিল, যার নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাজার মনিটরিং আরও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানান। অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড প্রদর্শনের তাগিদ দেওয়া হয়।
আরববাংলা টিভি/ডেস্ক