কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের জব্দকৃত ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের পণ্য ধ্বংস করেছে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল অফিস। সোমবার বিকেলে ভূরুঙ্গামারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কার্যালয় চত্বরে এসব পণ্য জনসমক্ষে ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিচালিত বিভিন্ন অভিযানে অবৈধভাবে আমদানিকৃত এবং মেয়াদোত্তীর্ণ এসব পণ্য জব্দ করা হয়েছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে কাস্টমস কতৃপক্ষ এই ধ্বংসের সিদ্ধান্ত নেয়। ধ্বংসকৃত পণ্যের মধ্যে ছিল বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী, খাদ্যপণ্য এবং পানীয়।
অভিযান ও ধ্বংস প্রক্রিয়ার সময় কাস্টমস সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরিবেশবান্ধব উপায়ে এবং নিয়মতান্ত্রিক পন্থায় এই পণ্যগুলো মাটিতে পুঁতে ফেলা এবং আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কাস্টমস কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক