সব আশঙ্কা সত্যি করে অবশেষে বড় ভাইয়ের পথ ধরল ১০ মাসের ছোট্ট মোহাম্মদ আবু বক্কর আরব। সোমবার রাত ১টা ১০ মিনিটে মা শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। গত কয়েক দিন ধরে তীব্র জ্বর ও শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এই শিশুটি। সে ডেঙ্গুর পাশাপাশি হাম উপসর্গেও ভুগছিল। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার বড় ভাইও চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যায়। দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা দেশজুড়ে শিশু ও বয়স্কদের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সাম্প্রতিক সময়ে মশাবাহিত এই রোগের প্রকোপ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকরা অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন। সামান্য জ্বর বা শারীরিক দুর্বলতা দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার ওপর জোর দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হলেও অনেক সময় দেরíতে হাসপাতালে নিয়ে আসার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। আবু বক্করের পরিবার ও স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় সচেতন মহল শিশুদের সুরক্ষায় মশার উপদ্রব কমাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
আরববাংলা টিভি