বরাদ্দ কম থাকায় ফেনীতে দুই থেকে তিন ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ওএমএসের চাল না পেয়ে অনেককেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে। নিম্ন আয়ের মানুষের মাঝে কম দামে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার এই কার্যক্রমে সম্প্রতি নানা জটিলতা দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের দুর্পোগ আরও বাড়িয়ে তুলেছে।
সরেজমিনে শহরের একাধিক ওএমএসের কেন্দ্রে গিয়ে জানা যায়, নিয়ম অনুযায়ী জনপ্রতি পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কেনার সুযোগ রয়েছে। এখানে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি করা হয়। বাজারের তুলনায় এই দাম কম হওয়ায় দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকেন নিম্ন আয়ের মানুষ।
তবে চাহিদার তুলনায় বরাদ্দ পর্যাপ্ত না থাকায় ডিলাররা নির্ধারিত সময়ের আগেই পণ্য বিক্রি শেষ করে ফেলছেন। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বহু মানুষ চাল ও আটা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ দ্রুত ওএমএস খাতের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে করে কর্মজীবী ও দরিদ্র মানুষ কোনো ভোগান্তি ছাড়াই ন্যায্যমূল্যে খাদ্যপণ্য কিনতে পারেন।
আরববাংলা টিভি/ডেস্ক