নয়াদিল্লি তার নিজস্ব জ্বালানি নিরাপত্তার জন্যই রাশিয়ার তেল কেনে, ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থায়নে সাহায্য করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দেনিস আলিপভ।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিপভ বলেন, ভারত রাশিয়াকে সহায়তা করার জন্য তেল কিনছে না। তারা নিজেদের জনগণের স্বার্থ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষা এবং দেশের ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটানোই নয়াদিল্লির প্রধান লক্ষ্য।
তিনি আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রতিটি দেশই তাদের নিজস্ব কৌশলগত অগ্রাধিকারকে প্রাধান্য দিয়ে থাকে। ভারতের জ্বালানি নীতি সম্পূর্ণ স্বাধীন এবং তারা অতীতেও নিজেদের অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। রাশিয়া ও ভারতের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি পারস্পরিক আস্থা ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত, যা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অটুট রয়েছে।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও রাশিয়ার তেল আমদানির ক্ষেত্রে ভারত এক ধরণের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রেখে চলেছে। এর ফলে একদিকে যেমন দেশের অভ্যন্তরে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও নয়াদিল্লির স্বাধীন পররাষ্ট্রনীতির বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। ভবিষ্যতে এই দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।
আরববাংলা টিভি/ডেস্ক