রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা তিন হাজার যাত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় তিন হাজার যাত্রী। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিতে হঠাৎ করে ফ্লাইট পরিচালনা স্থগিত হওয়ায় বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে, যার ফলে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী প্রবাসীরা মারাত্মক বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিয়াদ বিমানবন্দরের আকস্মিক এই সমস্যার কারণে বিভিন্ন এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকা ছেড়ে যেতে পারেনি। পরিস্থিতির অবনতি হওয়ায় অন্তত চারটি এয়ারলাইন্সের মোট আটটি ফ্লাইট সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর ফলে দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করে ক্লান্ত যাত্রীরা চরম অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন। অনেকে আবার পরিবারসহ এসে বিমানবন্দরে চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

এদিকে আকস্মিক এই ফ্লাইট বাতিলের ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কবে নাগাদ রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে এবং আটকে থাকা যাত্রীরা কবে নাগাদ তাদের গন্তব্যে রওয়ানা হতে পারবেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো বার্তা পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো যৌথভাবে কাজ করে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD