চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অবৈধভাবে সার মজুত ও চড়া দামে বিক্রির অভিযোগে শনিবার সন্ধ্যায় নাঈম অটো মোবাইল অ্যান্ড বীজ ভান্ডারের দুটি গোডাউনে এ অভিযান চালানো হয়। স্থানীয় কৃষক ও সচেতন মহলের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়, যা এলাকার কৃষি অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে গোডাউন দুটি সিলগালা করে দেওয়া হয়েছে। কৃষি খাতের যথাযথ উন্নয়ন এবং কৃষকদের নায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট যেন কৃষকদের জিম্মি করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জব্দকৃত সারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আরববাংলা টিভি/ডেস্ক