ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর পবিত্র মক্কা ও মদিনা অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। গতকাল শনিবার দেশটির সিভিল ডিফেন্স অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি সিভিল ডিফেন্স জানায়, সন্ত্রাসবাদী এই হামলার প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে এবং দেশের নিরাপত্তা ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সতর্ক অবস্থায় রয়েছে। তবে এই হামলার দাবি তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হুথি নেতৃত্ব জানায়, সৌদির এই দাবি ভিত্তিহীন এবং বর্তমান পরিস্থিতি জটিল করার অপচেষ্টা মাত্র।
মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটে। এর আগে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে একাধিকবার সৌদি আরবের তেল স্থাপনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে পবিত্র দুই নগরীর আশপাশে এ ধরনের ধ্বংসাবশেষ পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝআকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এই ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আরববাংলা টিভি/ডেস্ক