বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী একটি সরকার; তারা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা নাহিদ ইসলাম। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক জনাকীর্ণ রাজনৈতিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লষণ করে বলেন, দেশের মানুষের দীর্ঘ লড়াই ও রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আকাঙ্ক্ষাকে ম্লান করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন যে, বিএনপি গোপনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমঝোতা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। অভ্যুত্থানের মূল চেতনা রক্ষা করতে হলে সব ধরনের গোপন সমঝোতা ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বিভিন্ন স্লোগান দেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপির এই শীর্ষ নেতার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, দেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণের পথে এই ধরনের বক্তব্য রাজনৈতিক দলগুলোর মধ্যকার দূরুত্ব ও বহুমুখী সমীকরণকে আরও স্পষ্ট করে তুলছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যাত্রাবাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আরববাংলা টিভি/ডেস্ক