শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

টঙ্গীতে আগুনে পুড়ল ৯ দোকান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত প্রেসক্লাব মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে মার্কেটের একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের দোকানগুলোতেও গ্রাস করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। তবে ততক্ষণে মার্কেটের মুদি দোকান, কাপড়ের দোকান ও কসমেটিকসসহ অন্তত ৯টি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, এই আকস্মিক আগুনে তাদের কয়েক লাখ টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে। অনেকেই তাদের সারাজীবনের পুঁজি হারিয়ে পথে বসেছেন। প্রাথমিক অবস্থায় আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এ ঘটনায় সংশ্লিষ্ট কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD