বাধ্যতামূলক সামরিক সেবা চালুর প্রস্তাবের তীব্র প্রতিবাদে শুক্রবার জার্মানির বিভিন্ন শহরে ক্লাস বর্জন করে ঐতিহাসিক গণবিক্ষোভ কর্মসূচি পালন করেছে ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৮ বছর বয়সী তরুণদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তলব করার সরকারি প্রক্রিয়া শুরু করার পর থেকেই মূলত এ আন্দোলন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
স্কুল স্ট্রাইক অ্যাগেইনস্ট কনস্ক্রিপশন আন্দোলনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে হাজার হাজার তরুণ-তরুণী অংশ নেন। শিক্ষার্থীদের দাবি, জোর করে সামরিক বাহিনীতে যুক্ত করার এই সিদ্ধান্ত তাদের মৌলিক অধিকার এবং ভবিষ্যতের ওপর সরাসরি এক ধরনের হস্তক্ষেপ। এই গণবিক্ষোভের ফলে জার্মানির শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মাঝেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে রাজপথে নেমে আসেন এবং অবিলম্বে এই বাধ্যতামূলক সামরিক সেবা চালুর বিতর্কিত প্রস্তাব প্রত্যাহার করার জোরালো দাবি জানান। আন্দোলনরত শিক্ষার্থীদের এই ঐক্যবদ্ধ অবস্থান জার্মানির রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, সরকারের পক্ষ থেকে যদি সময়োপযোগী ও নমনীয় পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে আগামী দিনে এই ছাত্র আন্দোলন আরও বেশি তীব্র আকার ধারণ করতে পারে এবং তা বর্তমান সরকারের নীতিনির্ধারক মহলে বড় ধরনের চাপ সৃষ্টি করবে।
আরববাংলা টিভি/ডেস্ক