সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

জয়ার ব্যতিক্রমী সাজে মুগ্ধ নেটদুনিয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ণ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই অভিনয়ের গভীরতা আর রুচিশীল সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ। পোশাকের ধরন যাই হোক—ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন—প্রতিটি লুকেই নিজস্ব আভিজাত্য আর নান্দনিকতা ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করাও তার নিয়মিত অভ্যাস।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া আহসান। প্রকাশের পরপরই ছবিগুলো নেটমাধ্যমে আলোচনার জন্ম দেয়। ভক্তদের দৃষ্টি কাড়ে তার ব্যতিক্রমধর্মী সাজ ও উপস্থাপন।

ছবিগুলোতে জয়াকে দেখা গেছে নীল রঙের নকশা করা ব্লাউজের সঙ্গে গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে। ভারী গয়না, নাকে বড় নথ আর কপালের টিকলি মিলিয়ে জয়ার সাজে ফুটে উঠেছে এক ধরণের ঐতিহ্যবাহী আভিজাত্য। সাধারণত এমন ক্লাসিক অথচ সাহসী লুকেই তিনি আলোচনায় আসেন।

পুরনো স্থাপত্য কিংবা ঐতিহ্যবাহী বাড়ির পটভূমিতে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে জয়াকে। ছবিগুলো প্রকাশের পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। অনেকেই মন্তব্য করেছেন—সময় বদলালেও জয়ার আবেদন এবং আবেগের গভীরতা আজও অটুট। তবে কিছু অনুসারী ছবিতে বয়সের ছাপ খানিকটা দৃশ্যমান বলেও মত দিয়েছেন।

অন্যদিকে, পর্দায় জয়া আহসানকে দেখার অপেক্ষায় থাকা দর্শকদের জন্যও রয়েছে সুখবর। তার অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘ওসিডি’ (OCD) মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষাল পরিচালিত এ সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা, মানসিক দ্বন্দ্ব এবং সামাজিক বাস্তবতার জটিল গল্পে নির্মিত এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দুই বাংলার দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD