কিশোরগঞ্জের ইটনায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর চিত্র দেখা গেছে। হাজিরা খাতায় প্রধান শিক্ষকসহ ছয়জন শিক্ষকই উপস্থিতির স্বাক্ষর করেছেন, কিন্তু সরজমিনে বাস্তবে উপস্থিত পাওয়া গেছে মাত্র তিনজনকে। রোববার দুপুরে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের সহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনিয়মের ঘটনাটি প্রকাশ্যে আসে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও তাদের পাঠদান করার মতো কোনো শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন না। শিক্ষক অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ মারাত্মভাবে ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয় অভিভাবকরা। এই ধরণের দায়িত্বহীনতা শিক্ষার মান উন্নয়নে বড় অন্তরায় বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে বিদ্যালয়ের শিক্ষকদের এমন অনুপস্থিতি এবং হাজিরা খাতার নিয়মের বরখেলাপ নিয়ে স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও অভিভাবকরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক