বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী, হাটশেরপুর, কাজলা, কনিবাড়ী, চালুয়াবাড়ি ও বোহাইল ইউনিয়নে গৃহ ও ভূমিহীন মানুষের জন্য নির্মাণ করা হয়েছিল দুই হাজারেও বেশি ঘর। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অর্থবছরে এসব আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, যোগাযোগব্যবস্থা চরমভাবে ভেঙে পড়া, স্থায়ী জলাবদ্ধতা, স্যানিটেশন ব্যবস্থার অনুপস্থিতি, সুপেয় পানির তীব্র সংকট এবং ঘর বরাদ্দে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে এই বিশাল সংখ্যক ঘরে বর্তমানে কেউ বসবাস করছে না। পুরো প্রকল্পগুলো আজ প্রায় জনশূন্য অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের অভিযোগ, তৎকালীন সময়ে স্বৈরাচারী সরকারের দলীয় লোকজন ও সংশ্লিষ্ট প্রশাসনের চরম দুর্নীতি এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে এই আশ্রয়ণ প্রকল্পগুলো সাধারণ মানুষের কোনো উপকারে আসেনি। নামমাত্র ঘর নির্মাণ করে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে মাত্র। যোগাযোগ ও জীবনযাত্রার ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকায় সুবিধাভোগীরা বরাদ্দ পাওয়ার কিছুদিন পরেই এসব ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন ও দায়িত্বশীল মহল থেকে এসব অব্যবহৃত প্রকল্প পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এসব ঘরগুলোর সংকট দূর করে পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
আরববাংলা টিভি/ডেস্ক