বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সাংবাদিকদের আইন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে: অ্যাটর্নি জেনারেল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ৮:৩৪ পূর্বাহ্ণ

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, যারা সুপ্রিম কোর্টে সাংবাদিকতা করেন, আইন বিষয়ে সাংবাদিকতা করেন তাদের আইন বিষয়ে, সংবিধান বিষয়ে কিছু লেখাপড়া করা উচিত। তাহলে আইন সাংবাদিকতা করা সহজ হবে।

মঙ্গলবার (২ জুলাই) ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবগঠিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ পরামর্শ দেন।

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘কোর্টের নিয়মগুলো, রুলস যদি আপনাদের জানা থাকে তাহলে রিপোর্ট করতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। হাইকোর্টের যে প্রচলিত রীতি নীতি, তারপর সংবিধান বিষয়েও আপনাদের জানাশোনা থাকতে হবে। যদিও আপনাদের অনেকের সংবিধান বিষয়ে অনেক পড়াশোনা আছে।’

তিনি বলেন, আপনারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এই যে দীর্ঘদিন কনডেম সেলে আসামি থাকার বিষয়গুলো আপনারা তুলে ধরেন, এ কারণে আমরা পদক্ষেপ নিতে পারি। মানুষকে বিচার পেতে সুপ্রিম কোর্টের সাংবাদিকরা সহযোগিতা করেন। অনেক সময় দেখা যায় বিচারপ্রার্থীরা সঠিক সময়ে আদালতে আসতে পারেন না বা বিভিন্ন কারণে মামলা পড়ে রয়েছে। দীর্ঘদিনে শুনানি হচ্ছে না। অনেক আদেশ পৌঁছাতে দেরি হয়। এ বিষয়গুলো সাংবাদিকরা তুলে ধরার কারণে সমস্যার সমাধান পাওয়া যায়। এ কারণে আপনারা যদি আইনকানুনগুলো আছে সেগুলো জানা থাকলে রিপোর্ট করতে সুবিধা হবে।

এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের ২০২৪-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি মাসউদুর রহমান রানা, সহ-সভাপতি আমিনুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ বাহাউদ্দিন আল ইমরান, দপ্তর ও ম্যাগাজিন সম্পাদক পিয়াস তালুকদার, কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD