সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইরানের বিমান হামলা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকেও বহিষ্কার করা হয়েছে। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা এই তথ্য জানিয়েছেন।

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের কয়েক ঘণ্টা পর বুধবার তেহরান থেকে নিজ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। সংবাদ সম্মেলনে মুমতাজ জাহরা বালোচ বলেছেন, ‘‘ইরান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ ছাড়া পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, যিনি বর্তমানে তেহরান সফর করছেন তিনি আপাতত আর ফিরে নাও আসতে পারেন।’’

তেহরান আকাশসীমার অপ্রীতিকর লঙ্ঘন করায় দুই দেশের মাঝে চলমান অথবা পরিকল্পিত উচ্চ-পর্যায়ের সব ধরনের সফরও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্থানীয় জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আকাশসীমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

এই হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশের মাঝে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। হামলার পরপরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র প্রতিবাদ এবং এই ঘটনা ‘‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’’ বলে হুঁশিয়ারি দেয়।

বেলুচিস্তানের কোন এলাকায় ইরান এই হামলা চালিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সেই বিষয়ে কিছু না জানালেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বেলুচিস্তানের সীমান্ত লাগোয়া পাঞ্জগুর শহরে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD