অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সংবর্ধনা এবং প্রবাসী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের আয়োজিত মতবিনিময়সভাসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। শনিবার এক ব্যস্ত দিনভর এসব অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত প্রবাসী বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় নেতারা দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং প্রবাসীদের বিভিন্ন কল্যাণমূলক ইস্যু নিয়ে আলোচনা করেন। ডা. শফিকুর রহমান তার বক্তব্যে প্রবাসীদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন এবং তাদের যেকোনো সমস্যায় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরে সিডনিতে প্রবাসী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের আয়োজিত একটি বিশেষ মতবিনিময়সভায় যোগ দেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা। সেখানে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং প্রবাসীদের অধিকার আদায়ের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আরববাংলা টিভি