বিএনপি সরকার গঠনের দশ মাসের মাথায় প্রথম কোনো বিদেশি সরকারপ্রধান হিসেবে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর তার দুই দিনের এই ঐতিহাসিক সফরে বাংলাদেশে আসার প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এই সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি এবং আঞ্চলিক সহযোগিতা বিষয়ে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এটিই হবে মালয়েশিয়ার কোনো সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় কূটনৈতিক সাফল্য। সফর চলাকালীন দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সাথে দেশের বৈদেশিক সম্পর্কগুলো পুনর্গঠন করছে এবং তারই ধারাবাহিকতায় এই উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সফরের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ ডিসেম্বর হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। পরবর্তীতে তিনি সরকারপ্রধান ও অন্যান্য নীতিনির্ধারকদের সাথে বৈঠক করবেন এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করবেন।
আরববাংলা টিভি