ঢাকার বস্তিবাসী ও দেশের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি মার্কিন ডলারের দুটি বৃহৎ উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিশ্বব্যাংকের মধ্যে সম্প্রতি এই বিষয়ে প্রাথমিক আলোচনা চূড়ান্ত হয়েছে। দেশের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এর মধ্যে ঢাকার বস্তিগুলোর সার্বিক উন্নয়নে ব্যয় করা হবে ৫০ মিলিয়ন ডলার। এই অর্থের মাধ্যমে বস্তিবাসীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত আবাসন নিশ্চিতকরণের কাজ করা হবে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে বর্তমান সরকারের বিভিন্ন সময় নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্বব্যাংকের এই সহায়তা একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
বাকি ২০০ মিলিয়ন ডলার খরচ করা হবে উপকূলীয় ৮টি জেলার ২৪টি উপজেলার মানুষের সুরক্ষায়। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা দুর্যোগ মোকাবিলায় এই অঞ্চলে বন্যা সহনশীল অবকাঠামো নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি করা হবে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা নিরাপদ করতে এবং অর্থনৈতিক সচ্ছলতা আনতে এই প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মসংস্থানমূলক প্রশিক্ষণও প্রদান করা হবে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিকভাবে এই প্রকল্পের বাস্তবায়ন হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে এক নতুন দিগন্তের উন্মোচন হবে। অতীতে বিভিন্ন সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে মেগা প্রকল্পের নামে অর্থ লোপাটের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে বর্তমান প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই বৈদেশিক ঋণ দেশের কল্যাণে সদ্ব্যবহার করবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পনা কমিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
আরববাংলা টিভি