ছোট মেয়ের বিয়ের আয়োজন চলছিল বাড়িতে। আত্মীয়স্বজনকে দাওয়াতও করা হয়েছিল। বড় মেয়ের সংসারেও ছিল বিয়ের আনন্দ ভাগাভাগির প্রস্তুতি। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল শ্বশুর মোতালেব হোসেনের (৬০)। মঙ্গলবার ১৭ নভেম্বর সকালে যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে মেয়ের জামাইয়ের সঙ্গে শ্বশুর মোতালেব হোসেনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে এই বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে জামাই ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে সজোরে আঘাত করেন মোতালেব হোসেনের মাথায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই গুরুতর জখম হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানান নিহতের স্বজনেরা।
এই ন্যাক্কারজনক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত জামাইকে আটকের জন্য জোরদার অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
আরববাংলা টিভি