জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জন করলে বাংলাদেশিদের জন্য জাপানে কাজের ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকাস্থ জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিনজুর। রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই কথা জানান তিনি।
অনুষ্ঠানে কারাসাওয়া শিনজুর আরও উল্লেখ করেন যে, বর্তমান বিশ্ববাজারে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশর তরুণ সমাজের মধ্যে মেধা ও কাজের স্পৃহা রয়েছে, যা সঠিক প্রশিক্ষণ এবং ভাষা শিক্ষার মাধ্যমে যথাযথভাবে কাজে লাগানো সম্ভব। জাপান সরকারের পক্ষ থেকে দক্ষ কর্মী আমদানির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ ও সহায়তার কথা তুলে ধরে তিনি বলেন, যারা জাপানি ভাষা ও নির্ধারিত কারিগরি মানদণ্ডে উন্নীত হবেন, তাদের জন্য কর্মসংস্থানের পথ আরও সুগম হবে।
বিশ্লেষকদের মতে, দেশের ক্রমবর্ধমান বেকারত্ব দূরীকরণে এবং বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে জাপানের শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অতীতে রাজনৈতিক নানা পটপরিবর্তন ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জনশক্তি রফতানি খাতে যে সিন্ডিকেট ও স্থবিরতা তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে এখন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। কার্যকরভাবে এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি আরও বেশি গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা ভাষা প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও যুগোপযোগী করার ওপর জোর দেন এবং আগ্রহী যুবসমাজকে সঠিক পন্থায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। সরকারের সংশ্লিষ্ট মহল থেকেও এই বিষয়ে যুবসমাজকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
আরববাংলা টিভি