গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সৃষ্ট অস্থিতিশীল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থানা থেকে সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার ক্ষেত্রে সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় বিশেষ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ফরিদপুরের সালথা থানা পুলিশ। এই সাহসী পদক্ষেপের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের পেশাগত দক্ষতার এক অনন্য নজির স্থাপন করেছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। সেই সময় চরম ঝুঁকি ও জীবনের পরোয়া না করে সালথা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে থানা ভবনের ভেতর থেকে পুলিশ সদস্যদের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। তৎকালীন সময়ে কার্যকরভাবে পরিস্থিতি সামাল দেওয়ার এই ঘটনা দেশজুড়ে প্রশংসিত হয়।
পুলিশ সদর দপ্তরের এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে পেশাদারিত্ব, সাহসিকতা এবং সংকটময় মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা তৈরিতে এ ধরনের স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সালথা থানার এই সাহসী ভূমিকার মূলায়ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই একটি বিশেষ আয়োজনের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা সালথা থানার এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতে যে কোনো ধরনের সংকটময় পরিস্থিতিতে তারা আরও বেশি সাহসিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সচেষ্ট হবেন।
আরববাংলা টিভি