ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী তথা এ বিভাগের মানুষ হাসতে জানে, আবার প্রয়োজনের সময় রুখে দাঁড়িয়ে লড়াই করতেও জানে। দেশ ও জাতির স্বার্থে তারা নিজেদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। শনিবার এক বিশেষ বক্তব্যে তিনি এই কথা জানান।
মন্ত্রী আরও বলেন, বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে উত্তরাঞ্চলের মানুষকে চরম বৈষম্যের শিকার হতে হয়েছে। কিন্তু এই অঞ্চলের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে আজ দেশের মানুষ মুক্তি পেয়েছে।
তিনি আরও যোগ করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় রাজশাহী অঞ্চলের মানুষের ভূমিকা অনস্বীকার্য। অতীতে যেভাবে এই অঞ্চলের মানুষ দেশের যেকোনো সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও যেকোনো দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং রাষ্ট্র কাঠামোর প্রতিটি ক্ষেত্রে সুশাসন ফেরাতে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনায় দেশ আজ গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে। এই যাত্রায় যুবসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরববাংলা টিভি