শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ পোশাক শিল্পাঞ্চল। পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া এবং মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভ ও কর্মবিরতির মুখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে শনিবার অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন কারখানা কর্তৃপক্ষ। গত কয়েক দিন ধরেই এই অঞ্চলে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং শ্রমিকদের একটি অংশ বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করার চেষ্টা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে ভিড় জেনো করতে শুরু করেন। একপর্যায়ে তারা ভেতরে কর্মবিরতি ঘোষণা করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শ্রমিকদের মূল অভিযোগ, বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে বেতনের পরিমাণ বাড়ানো জরুরি। এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিভিন্ন শিল্পাঞ্চলে নানা দাবিতে আন্দোলন দানা বেঁধে উঠেছে। স্বৈরাচারী শেখ হাসিনার আমলের বৈষম্যমূলক নীতির কারণে শ্রমিক সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল বলে জানান শ্রমিক নেতারা।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কারখানাগুলোর মূল্যবান যন্ত্রপাতি ও নিরাপত্তা নিশ্চিত করতে মালিকপক্ষ বাধ্য হয়ে অর্ধশতাধিক প্রতিষ্ঠানে আজকের মতো ছুটি ঘোষণা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলছে। তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এভাবে বারবার উৎপাদন ব্যাহত হলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সমঝোতা আনতে সরকারের উচ্চপর্যায় থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরববাংলা টিভি