ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ধ্বংসযজ্ঞের মধ্যেই বাস্তুচ্যুত মানুষের সামনে নতুন এক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে হাজির হয়েছে শীতকাল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের কারণে তাঁবুতে মানবেতর জীবনযাপন করা লাখ লাখ মানুষের দৈনন্দিন অস্তিত্ব আরও বেশি সংকটাপন্ন হয়ে উঠেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এবারের ভারী বর্ষণে গাজাজুড়ে ৪০ সহস্রাধিক অস্থায়ী আশ্রয়স্থল বা তাঁবু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আশ্রয়হীন এই পরিবারগুলোর অনেকের তাঁবু ইতিমধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে তাদের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও নষ্ট হয়ে গেছে। সামনে হাড় কাঁপানো শীতের মাসগুলোতে এই অসহায় মানুষগুলোর দুর্ভোগ আরও বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তীব্র শীত ও বৃষ্টির এই সময়ে খোলা আকাশের নিচে কিংবা জীর্ণশীর্ণ তাঁবুতে বসবাসরত শিশুদের স্বাস্থ্যঝুঁকি চরম আকার ধারণ করেছে।
এদিকে গাজার সাধারণ মানুষের জন্য চরম খাদ্য সংকটও দেখা দিয়েছে। তীব্র অর্থনৈতিক সংকট ও অবরুদ্ধ অবস্থার কারণে অধিকাংশ পরিবারেরই একবেলা খাবার কেনার ন্যূনতম সামর্থ্যও নেই। মানবিক সহায়তা প্রবেশের পথগুলো সীমিত থাকায় অনাহার ও অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে লাখ লাখ ফিলিস্তিনির। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবিলম্বে পর্যাপ্ত ত্রাণসামগ্রী, শীতবস্ত্র এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা না গেলে গাজায় এক ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসবে।
আরববাংলা টিভি