ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গুলিবর্ষণ ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে দায়ের করা ১০টিরও বেশি মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা দুলাল হোসেন ওরফে বাটা দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার পুলিশ প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকার শীর্ষেও তার নাম রয়েছে বলে জানা গেছে।
গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নৃশংস হামলা ও অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী এই যুবলীগ নেতাকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। স্থানীয় জনগণ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে আইনের আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুলাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ফেনী জেলার বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর যারা সশস্ত্র হামলা চালিয়েছিল, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরববাংলা টিভি