কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৪ জন নেতাকর্মীসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। গত ১৯ ও ২০ নভেম্বর ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কার্যক্রম কঠোরভাবে দমন করতে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলার বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। পুলিশ প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধ করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। অপরাধীদের গ্রেফতারে এই ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
আরববাংলা টিভি