মোবাইল ফোন বন্ধ রেখে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। নিখোঁজের দুদিন পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বিচারক শেখ ফারহান নাদীমের মোবাইল ফোন হঠাৎ বন্ধ পাওয়া যায়। এতে আদালত পাড়ায় ও তার পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তিনি স্বেচ্ছায় কারও কোনো প্রকার যোগাযোগ না রেখে কুয়াকাটায় অবস্থান করছিলেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে।
ঘটনার পর বিচারককে উদ্ধারে মাঠে নামে পুলিশ প্রশাসন। তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পরবর্তীতে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং পুলিশি হেফাজতে তাকে বরিশালে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে।
এই ঘটনার পেছনে ব্যক্তিগত কোনো কারণ বা অন্য কোনো জটিলতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিচারকের হঠাৎ এমন নিখোঁজ হওয়ার ঘটনায় বিচার অঙ্গনে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি