আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর বিজয়নগরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা অবস্থায় এই নাশকতা চালায় দুর্বৃত্তরা। আকস্মিক এই অগ্নিসংযোগে গাড়িটির একাংশ পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন ও দলের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, এ ঘটনার নেপথ্যে থাকা কুচক্রী মহলকে দ্রুত খুঁজে বের করা না হলে ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি