কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহতের লক্ষ্যে বৃষ্টি উপেক্ষা করে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন মাদারীপুর সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সকালে মাদারীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। দলের শীর্ষ নেতাদের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে নেতাকর্মীরা সকাল থেকেই সতর্কাবস্থায় ছিলেন। গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্দিষ্ট স্থানে সমবেত হন।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় রাজপথে রয়েছে। দেশের শান্তি বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরববাংলা টিভি