বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন চার হাজার উপপরিদর্শক বা এসআই এবং ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মোট ১৪ হাজার নতুন এই জনবল নিয়োগের ক্ষেত্রে এখন আর কোনো দাপ্তরিক বা আইনি বাধা অবশিষ্ট রইল না।
জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সচিব কমিটির উচ্চপর্যায়ের অনুমোদনসহ সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া এরই মধ্যে সফলভাবে শেষ হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান সময়ের অপরাধের ধরণ পরিবর্তন হওয়ায় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করে সরকার এই বড় পদক্ষেপ গ্রহণ করেছে।
বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীতে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে একটি পেশাদার ও জনবান্ধব বাহিনী গড়ে তোলার প্রক্রিয়া চলছে। মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের কর্মঘণ্টা কমানো এবং টহল জোরদার করার জন্য এই বিশাল সংখ্যক জনবল নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খুব শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই ১৪ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে গণমাধ্যমকে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। বেকার যুবসমাজ এবং যোগ্য প্রার্থীরা এই নিয়োগের মাধ্যমে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করার বড় একটি সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি