বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

পর্তুগালে ভুয়া ঠিকানায় রেসিডেন্সি, গ্রেপ্তার ৭

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

পর্তুগালের লুরেস এলাকায় ভুয়া ঠিকানা ব্যবহার করে বিদেশি নাগরিকদের বসবাসের বৈধতা অর্জনে সহায়তার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে দেশটির বিচার বিভাগীয় পুলিশ। অপারেশন ডোমুস নামের এই বিশেষ অভিযানে ২০২৪ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকার প্রমাণ মিলেছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে যে, চক্রটি দীর্ঘদিন ধরে অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থের বিনিময়ে অবৈধ উপায়ে রেসিডেন্সি কার্ড বা বসবাসের অনুমতি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে আসছিল।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রের মূল হোতারা অত্যন্ত সুকৌশলে লুরেস ও এর আশপাশের এলাকায় নামমাত্র ঘরভাড়া নিয়ে সেখানে শত শত মানুষের ভুয়া ঠিকানা রেজিস্ট্রি করাত। পরবর্তীতে ওই ঠিকানার কাগজপত্রের ওপর ভিত্তি করে অভিবাসন দপ্তরে বৈধতার আবেদন করা হতো। এই অবৈধ কার্যক্রমের কারণে দেশটির অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জালিয়াতি, মানবপাচার এবং অপরাধমূলক সংগঠনের সাথে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন আইন কঠোর করা হয়েছে এবং পর্তুগাল সরকারও এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই অভিযের ফলে অবৈধভাবে দেশটিতে অবস্থানকারী ও দালাল চক্রের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অপরাধের সাথে যারাই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না এবং আগামী দিনেও এমন অভিযান অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD