রাজধানী ঢাকাসহ দেশের কয়েক এলাকায় সাম্প্রতিক কার্যত নিষিদ্ধ আওয়ামী সহিংসতার পর তাদের ডাকা তথাকথিত লকডাউনেও রাজপথে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষের নিয়মিত যাতায়াত এবং গণপরিবহন আগের মতোই সচল দেখা গেছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে দেখা গেছে, বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি নিয়মিত গতিতে চলাচল করছে। পথচারী ও যাত্রীদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অথচ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নানা অপতৎপরতা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু সাধারণ জনতা তাদের এই হটকারী সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দৈনন্দিন কার্যক্রমে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকেরা শান্তি ও শৃঙ্খলার পক্ষে অবস্থান নেওয়ায় দুর্বৃত্তরা কোথাও কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারেনি।
আরববাংলা টিভি