বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ

রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ন্যাক্কারজনক ঘটনার পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাশকতাকারীদের তৎপরতা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানো হয়েছে।

শাহ মখদুম থানা পুলিশ গণমাধ্যমকে জানান, নগরীর শাহমখদুম থানা এলাকার নওদাপাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন বিআরটিসি বাস ডিপোতে একটি নন-এসি বাসে হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গভীর রাতে সংঘটিত এই নাশকতার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির ভেতরের অংশ পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ শুরু করেছেন। এই নাশকতার পেছনে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা, বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ ছাত্রলীগ এর কোনো ক্যাডার বাহিনী জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। বিগত দিনেও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের নাশকতার মাধ্যমে জনজীবন বিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। নাশকতাকারীদের কঠোরহস্তে দমন করার জন্য প্রশাসনের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD