সাত বছর আগে স্বামীকে হারিয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন একমাত্র ছেলে রনি মিয়া। একমাত্র সন্তান ও স্বামীকে হারিয়ে জীবনে নেমে আসা গভীর শোক কাটিয়ে ওঠার আগেই এবার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সেই শহীদ রনির মা শাহনাজ বেগম।
পরিবারে উপার্জনক্ষম আর কেউ না থাকায় চরম অর্থাভাবে থমকে যাওয়ার উপক্রম হয়েছে তার জীবনরক্ষাকারী চিকিৎসা। বর্তমানে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সুস্থ হয়ে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি। অথচ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে বুক খালি করেছিলেন রনির মা, আজ সেই স্বাধীন দেশে নিজের চিকিৎসাটুকু করানোর জন্যও তাকে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।
স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও নির্বিচারে ছাত্র-জনতা হত্যার যে রাজত্ব কায়েম হয়েছিল, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারগুলো আজও সেই দুঃসহ স্মৃতির সঙ্গে লড়াই করে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, শহীদ রনির মতো বহু সাহসী যুবকের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা বর্তমান সময়েও অনেক শহীদ পরিবার অবহেলা আর চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। চিকিৎসকদের মতে, শাহনাজ বেগমকে বাঁচাতে অবিলম্বে উন্নত চিকিৎসা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল।
এ অবস্থায় শহীদ রনির মায়ের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের মতে, শহীদদের পরিবারের প্রতি দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ নেই। অবিলম্বে শাহনাজ বেগমের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র ও সমাজকে গ্রহণ করতে হবে, যাতে একজন মা তার একমাত্র সন্তান হারানোর শোকের সঙ্গে লড়াই করার পাশাপাশি এই মরণব্যাধি থেকেও মুক্তি লাভ করতে পারেন।
আরববাংলা টিভি