বৈশ্বিক বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিমালা, বিনিয়োগ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে কানাডার মন্ট্রিলে শুরু হয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আইকাওয়ের সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন। পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিমান পরিবহন খাতের নীতিনির্ধারক, মন্ত্রী এবং বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। আধুনিক বিমান চলাচল খাতের টেকসই উন্নয়ন, কার্বন নিঃসরণ কমানো, যাত্রীদের নিরাপত্তা এবং বৈশ্বিক কানেক্টিভিটি বাড়াতে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের আয়োজনে।
বাংলাদেশের প্রতিনিধি দল এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেশের এভিয়েশন খাতের বর্তমান অগ্রগতি, নতুন বিমানবন্দরগুলোর উন্নয়ন এবং ভবিষ্যতে আকাশপথে যোগাযোগের পরিধি বাড়ানোর নানা পরিকল্পনা তুলে ধরবেন। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাত আরও বেশি আন্তর্জাতিক সুযোগ ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে, যা দেশের সামগ্রিক অর্থনীতি ও পর্যটন খাতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরববাংলা টিভি