চলমান তীব্র শ্রম অসন্তোষ ও উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতির কারণে দেশের পোশাক খাতের উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুরোপুরি ব্যর্থ হয়ে বাংলাদেশ শ্রম আইনের ১৩ এর ১ ধারা অনুযায়ী অর্থাৎ কাজ নেই মজুরি নেই এই নীতির ভিত্তিতে একসঙ্গে ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি।
বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের পরিস্থিতি দেশের সামগ্রিক অর্থনীতি ও রফতানি আয়ের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এই পোশাক শিল্পে দীর্ঘস্থায়ী অস্থিরতা রোধে এবং উদ্যোক্তা ও শ্রমিক উভয়পক্ষের স্বার্থ সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই বিভিন্ন সময়ে তৈরি পোশাক শিল্পে নানা ধরনের অযৌক্তিক দাবি এবং নানামুখী ষড়যন্ত্রের কারণে শ্রমিক অসন্তোষের বীজ রোপিত হয়েছিল। পরবর্তীতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের উসকানিমূলক নানা অপতৎপরতার কারণে প্রায়শই শিল্পাঞ্চলগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, যার নেতিবাচক প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারছে না বর্তমান উৎপাদনমুখী শিল্পগুলো।
শিল্পের এই সংকটময় মুহূর্তে শ্রমিকের নায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি কারখানার নিরাপত্তা বিধান করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। একইসঙ্গে উৎপাদনমুখী এই খাতকে টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা।
আরববাংলা টিভি