চট্টগ্রামের কর্ণফুলীতে কথিত নন-পলাতক কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসা ঘেরাওয়ের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দিদার হোসেনের নাম সামনে এসেছে। শনিবার মইজ্জারটেক এলাকায় কামাল উদ্দিনের বাসা ঘেরাও এবং তাঁকে হেনস্তার মতো অপ্রীতিকর ঘটনায় নেতৃত্ব দেন এই দিদার—এমন তথ্য সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন একটি বিশেষ মহলের উসকানিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দিদার হোসেনের নেতৃত্বে একদল লোক অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসায় চড়াও হয়। এ সময় সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে এবং এলাকায় নিজেদের প্রভাব বজায় রাখতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দিদার হোসেন নিজের ফেসবুক আইডি থেকে সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক প্রচার চালাতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রোপাগান্ডা ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা হিসেবে দেখছেন সচেতন মহল। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি