মাস্টারকে মুক্তির আশ্বাসে দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানের আশ্বাসে সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এর ফলে শনিবার বেলা ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় এবং দীর্ঘ সময় ধরে দুই ঘাটে আটকে থাকা যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও সাধারণ যাত্রীরা স্বস্তির নিশ্বাস ফেলেন।
এর আগে, বিভিন্ন দাবি দাওয়া এবং এক মাস্টারকে আটকের প্রতিবাদে আকস্মিকভাবে কর্মবিরতির ডাক দেন সংশ্লিষ্ট নৌরুটের কর্মচারীরা। এর জেরে ভোর থেকেই শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের ষেনবাড়ি ঘাটে সমস্ত প্রকার ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মাঝ নদীতেও কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়। এতে তীব্র শীতে নদী পারাপারের অপেক্ষায় থাকা হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীরা দীর্ঘ সময় ঘাটে আটকা পড়ে মারাত্মক কষ্টের মুখোমুখি হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সাথে দ্রুত আলোচনায় বসে। সংস্থার চেয়ারম্যান আটকৃত মাস্টারকে দ্রুত মুক্তির বিষয়ে যথাযথ আশ্বাস দিলে শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে নামে প্রশাসন। বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌরুটে সব ধরনের নৌযান চলাচল নির্বিঘ্ন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।
আরববাংলা টিভি