ঝালকাঠি পৌর শহরের কাটপট্টি এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন রহমান (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, দীর্ঘদিন ধরে সুজন রহমান মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কাটপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সুজন রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি