মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া, নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই বন্ধ হচ্ছে না। স্থানীয় প্রশাসন ও পরিবেশ সংশ্লিষ্টরা নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা, কারাদণ্ড ও মামলা দায়ের করলেও বিভিন্ন এলাকায় বালু উত্তোলনকারীরা তাদের বেআইনি কার্যক্রম অব্যাহত রেখেছে। কোথাও শক্তিশালী ভেকু মেশিন দিয়ে, আবার কোথাও শ্রমিক লাগিয়ে নির্বিচারে চলছে বালু উত্তোলন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলে মোট ২৮টি বালুমহাল রয়েছে যার মধ্যে ২৬টিই বর্তমানে ইজারাবিহীন অবস্থায় পড়ে আছে। ইজারা না থাকায় সরকারের যেমন রাজস্ব ক্ষতি হচ্ছে, অন্যদিকে তেমনি এক শ্রেণির অসাধু চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে তুলছে। স্থানীয় সচেতন মহলের দাবি, কার্যকর তদারকির অভাব এবং কঠোর আইনি পদক্ষেপের দীর্ঘসূত্রিতার কারণে এই অপরাধমূলক কর্মকাণ্ড থামানো যাচ্ছে না।
এদিকে পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এভাবে অপরিকল্পিত ও অবৈধ উপায়ে বালু উত্তোলনের ফলে শ্রীমঙ্গলের পাহাড়ি ছড়া ও নদীর স্বাভাবিক গতিপথ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এর ফলে অদূর ভবিষ্যতে তীব্র ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কৃষিজমি তার উর্বরতা হারিয়ে মরুভূমির রূপ ধারণ করতে পারে। অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন চিরতরে বন্ধে সংশ্লিষ্ট মহলের কঠোর হস্তক্ষক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি