মেরুদণ্ডের জটিল সমস্যায় উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল ২টার দিকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তার মেরুদণ্ডে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করা হয়েছে যাতে তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে জনগণের সেবা করতে পারেন।
দীর্ঘদিন ধরে আইনি লড়াই ও কারাবাসের পর মুক্তি পেয়ে তিনি বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। তার এই জটিল অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছিল। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হলেও তাকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় লাগবে।
এদিকে লুৎফুজ্জামান বাবরের দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসার পদক্ষেপ নেওয়া হবে। দেশবাসীর এই অকৃত্রিম ভালোবাসা ও দোয়ার জন্য বাবর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরববাংলা টিভি