বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

২১ থেকে ২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ আনছে এনসিপি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ

সংগঠনকে আরও গতিশীল করা এবং বুদ্ধিবৃত্তিক চর্চা জোরদারের লক্ষ্যে শিগগিরই ২১ থেকে ২৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী দুই-একদিনের মধ্যে এই কমিটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। পেশাজীবীদের জন্য পৃথক ফোরাম থাকলেও দলের নীতি-নির্ধারণী কার্যক্রমে অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিত্বদের সম্পৃক্ত করতেই এই বিশেষ পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে আরও জানা যায়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের পাশাপাশি অভিজ্ঞ মহলের পরামর্শ ও দিকনির্দেশনা জাতীয় নাগরিক পার্টির কার্যক্রমকে আরও বেশি শানিত করবে। বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তি, বুদ্ধিজীবী এবং দেশের প্রখ্যাত গুণীজনদের এই উপদেষ্টা পরিষদে রাখার জোরালো প্রক্রিয়া চলছে। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে যারা রাজপথে সোচ্চার ছিলেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছেন, তাদের মধ্য থেকেও বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিককে এই কমিটিতে যুক্ত করা হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপির এই পদক্ষেপ দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে তারুণ্যের শক্তি এবং অভিজ্ঞদের প্রজ্ঞার সমন্বয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদ দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে সক্ষম হবে। খুব দ্রুতই একটি জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD