পিরোজপুরের কাউখালীতে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের দীর্ঘদিনের দাবি এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আশ্রমের সার্বিক কার্যক্রম সচল রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারকে প্রশাসকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আশ্রমের অভ্যন্তরীণ কোন্দল ও বিতর্কিত কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এই প্রেক্ষাপটে গঠিত নতুন এডহক কমিটিতে বিবদমান দুই পক্ষের পাঁচজন করে প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারকে অন্তর্ভুক্ত করে মোট ১১ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই এখন থেকে আশ্রমের যাবতীয় পরিচালনা করবে এবং সংকট নিরসনে কাজ করবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অতীতে নানা অনিয়মের অভিযোগ ওঠে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংস্কারের যে হাওয়া লেগেছে, তারই অংশ হিসেবে কাউখালীর এই আশ্রমেও স্বচ্ছতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনসাধারণ আশা প্রকাশ করেছেন যে, প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে এই আশ্রমে দীর্ঘদিনের সব জটিলতা দূর হবে এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।
আরববাংলা টিভি