জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই পানিশূন্য হয়ে পড়েছে সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওড়াঞ্চল। তীব্র রোদের খরতাপে শুকিয়ে সম্পূর্ণ ফেটে চৌচির হয়ে গেছে কৃষকের কষ্টার্জিত বোরো ধানের বীজতলা। এমন আকস্মিক ও চরম খরা পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের লাখো বোরো চাষি। আসন্ন বোরো মৌসুমে ধানের চারা উৎপাদন নিয়ে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
সরেজমিনে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেলার ছায়ার হাওড়, দেখার হাওড়, শনি হাওড়, মাটিয়ান হাওড়, মহালিয়া হাওড় ও গুরমার হাওড়সহ বেশিরভাগ হাওড়ের বোরো বীজতলায় তীব্র খরা দেখা দিয়েছে। পর্যাপ্ত পানির অভাবে মাটির উপরিভাগ ফেটে চৌচির হয়ে গেছে। সময়মতো সেচ ও পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে না পারলে এসব বীজতলার চারা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে চলতি মৌসুমে বোরো আবাদ ব্যাহত হওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় কৃষকরা গণমাধ্যমকে জানান, প্রতি বছর এই সময়ে হাওড়ে পর্যাপ্ত পানি ও আর্দ্রতা থাকে, যা বীজতলার জন্য উপযোগী। কিন্তু এবছর আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের কারণে সময় আগেই খরা শুরু হয়েছে। এমতাবস্থায় স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং পুরো জেলার খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক