মহান মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল রউফ সরকার। জীবদ্দশায় তিনি অর্জন করেছিলেন মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। মৃত্যুর পরও সেই ভালোবাসার অনন্য প্রকাশ ঘটল তার কুলখানিতে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো স্মরণ করতে গাজীপুর মহানগরের পূবাইলের খিলগাঁও এলাকায় তার বাসভবনে বসেছিল মানুষের এক বিশাল মিলনমেলা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এই কুলখানিতে অংশ নেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অংশগ্রহণকারীরা তার বর্ণিল রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, আব্দুল রউফ সরকার কেবল একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এলাকার মানুষের বিপদের বন্ধু। তার এই চলে যাওয়া সমাজ ও পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের আজীবন আদর্শ ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে তারা সামনে এগিয়ে যেতে চান। অনুষ্ঠানে আগত অতিথিরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার শান্তি কামনা করে বলেন, দেশমাতৃকার টানে তার এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
আরববাংলা টিভি/ডেস্ক