শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। তিনি বলেন, যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল এবং দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার চক্রান্তে লিপ্ত ছিল, ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে তাদের সেই অপচেষ্টা সফলভাবে রুখে দেওয়া হয়েছিল।

ঐতিহাসিক এই দিনটির তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী আরও জানান যে, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সিপাহি-জনতার বিপ্লব এক অনন্য মাইলফলক হিসেবে কাজ করেছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করেছিল, তা থেকে উত্তরণে এই ঐতিহাসিক বিপ্লবের চেতনা আজও অনুপ্রেরণা জোগায়।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক নতুন দিগন্তের দিকে যাত্রা করেছিল। বর্তমান সরকার জনগণের অধিকার রক্ষা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে বদ্ধপরিকর। দেশবিরোধী যেকোনো চক্রান্ত মোকাবেলায় জনগণের ঐক্য বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD