রংপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম। এ কার্যক্রমের আওতায় নগরীর ৩৩টি ওয়ার্ডে সপ্তাহে একদিন করে বিনামূল্যে বা স্বল্পখরচে দেওয়া হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা। এর মাধ্যমে চিকিৎসাবঞ্চিত নিম্নআয়ের সাধারণ মানুষ বড় ধরনের স্বাস্থ্যসেবার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে নগরীর রঘু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর সিটি করপোরেশন ও কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসকরা এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে।
উদ্বোধনী দিনে স্বাস্থ্য ক্যাম্পগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। চিকিৎসকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সাধারণ সর্দি-কাশি ও পুষ্টিহীনতাসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে। স্থানীয় এলাকাবাসী এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক