রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ গাজীপুরে বিভিন্ন দাবি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকালে শুরু হওয়া এই বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এই রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শ্রমিকদের শান্ত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গত কয়েক দিন ধরেই গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ এবং বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। সোমবার সকালে শ্রমিকরা রাজপথ দখল করে স্লোগান দিতে শুরু করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে সকাল থেকেই কর্মমুখী মানুষ এবং দূরপাল্লার যাত্রীরা মারাত্মক বিপাকে পড়েন। পরিস্থিতি যেন কোনোভাবেই অবনতির দিকে না যায়, সেজন্য শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছেন।
এদিকে শ্রমিক অসন্তোষের এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও কারখানা মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিদাওয়া গুরুত্বের সাথে খতিয়ে দেখার আশ্বাস দিলেও তাৎক্ষণিকভাবে মহাসড়ক ছাড়তে নারাজ ছিলেন বিক্ষোভকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুভোগ কমাতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিগত দিনেও এই অঞ্চলের শ্রমিক অসন্তোষ রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নানা সময় গোপনে ইন্ধন জুগিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক