ভারতের সীমান্তঘেঁষা অত্যন্ত সংবেদনশীল এলাকায় একদিনের মধ্যে ১০৮টি বৌদ্ধ প্যাগোডা নির্মাণ করেছে ভুটান। রোববার দেশটির ৪০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এই ঐতিহাসিক স্থাপনাগুলো নির্মাণকাজে সরাসরি অংশ নেন। আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ভুটানের এই পদক্ষেপে আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ভুটানের নতুন মাইন্ডফুলনেস শহর গড়ে তোলার নির্ধারিত এলাকায় নদীর তীর ধরে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে প্যাগোডাগুলো স্থাপন করা হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই বিশাল কর্মযজ্ঞে সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভুটানের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তাদের গভীর শ্রদ্ধাবোধেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
সীমান্তবর্তী অঞ্চলে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন এবং বিশাল জনসমাগম ভারতের কৌশলগত চিন্তায় কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তবে ভুটান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই প্রকল্প পুরোপুরি অভ্যন্তরীণ অর্থনৈতিক সমৃদ্ধি এবং পরিবেশবান্ধব নগরপত্তনের অংশ। আঞ্চলিক কূটনীতিতে এই ঘটনা ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
আরববাংলা টিভি/ডেস্ক